দক্ষিণ আফ্রিকায় গান্ধীর স্মৃতি বিজড়িত রেলস্টেশনে মোদী

আপডেট : ০৯ জুলাই ২০১৬, ১৭:৫৪
দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে মহাত্মা গান্ধীর স্মৃতি বিজড়িত রেল স্টেশনে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখানেরই  ট্রেন কম্পার্টমেন্ট থেকে ধাক্কা মেরে নামিয়ে দেওয়া হয়েছিল মোহনদাস করমচাঁদ গান্ধীকে।
 
বলা হয়ে থাকে, সেটিই ছিল তাঁর জীবনের টার্নিং পয়েন্ট। দক্ষিণ আফ্রিকা সফরের দ্বিতীয় দিনে গান্ধীর বর্ণবৈষম্য বিরোধী লড়াইকে শ্রদ্ধা জানাতে পেন্ট্রিচ থেকে ট্রেনে পিটারমেরিটজবার্গ প্রায় ১৫ কিলোমিটার রাস্তা ট্রেনে চড়ে যান মোদী। ১৮৯৩ সালে শেঠ আবদুল্লার একটি মামলা লড়তে গুজরাটের রাজকোট থেকে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন গান্ধী। জাহাজে করে ডারবার থেকে  তিনি প্রিটোরিয়াগামী ট্রেন ধরেন। 
 
তাঁর কাছে ফার্স্ট ক্লাসের টিকিট ছিল। কিন্তু, ট্রেন যখন পিটারমেরিটজবার্গের কাছে, শ্বেতাঙ্গ না হওয়ায় তখন ফার্স্ট ক্লাস থেকে নেমে থার্ড ক্লাসে চলে যেতে বলা হয়। মহাত্মা গান্ধী রাজি না হলে তাঁকে জোর করে, ধাক্কা মেরে স্টেশনেই নামিয়ে দেওয়া হয়।
 
তারপর কনকনে ঠাণ্ডায় সারা রাত স্টেশনের ওয়েটিং রুমে বসে গান্ধী ভেবেছিলেন, এবার তাঁর কী করা উচিত। মাথা নিচু করে সব মেনে নেওয়া, নাকি ভারতীয়দের ওপর হওয়া অন্যায়ের প্রতিবাদ। শেষমেশ অবশ্য তিনি দ্বিতীয় পথটাই বেছে নেন।
 
যেখানে গান্ধীকে ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া হয়েছিল সেই স্থানটি ঘুরে দেখেন মোদী। গতকালই দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার সঙ্গে বৈঠকের পর গান্ধী এবং নেলসন ম্যান্ডেলার স্মৃতিতে শ্রদ্ধা জানান তিনি। মোদী টুইটারে দেয়া এক পোস্টে মোদী বলেন, স্মরণ করছি মহাত্মা গান্ধীর সেই সফরের কথা যেটি মানব ইতিহাসের ধারায় পাল্টে দিয়েছিল।