অর্থ আত্মসাতের মামলায় পৌর হিসাবরক্ষক জেলহাজতে

আপডেট : ১১ জুলাই ২০১৬, ১৫:০৩
কুমিল্লার দেবিদ্বার পৌরসভার প্রশাসক ও সচিবের স্বাক্ষর জাল করে পৌণে এক কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় সোমবার ওই পৌরসভার হিসাবরক্ষক মো. মাহবুবুল আলমকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
 
এর আগে রবিবার দুপুরে (দুদক) দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় কুমিল্লার উপ-পরিচালকের নেতৃত্বে  তাকে গ্রেফতার করা হয়। তিনি লক্ষ্মীপুর জেলা সদরের ধর্মপুর গ্রামের বাসিন্দা।
 
দুদক সূত্রে জানা গেছে, দেবিদ্বার পৌরসভার হিসাবরক্ষক বর্তমানে সাময়িকভাবে বরখাস্তকৃত মো. মাহবুবুল আলম (৪০) কর্মরত অবস্থায় ২০১৪ সালের ১১ ডিসেম্বর থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময়ে পৌরসভার প্রশাসক (দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা) ও সচিবের স্বাক্ষর জাল করে ওই পৌরসভার উন্নয়ন তহবিল ও রাজস্ব তহবিল হতে ৬৫টি চেকের মাধ্যমে ৭৪ লাখ ৯০ হাজার ৩৫৪ টাকা ব্যাংক থেকে উত্তোলন করে আত্মসাৎ করেন। এ ব্যাপারে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর ও চলতি বছরের গত ২ মে দেবিদ্বার পৌরসভার সচিব জহিরুল আলম সরদার বাদী হয়ে দেবিদ্বার থানায় পৃথক দুইটি মামলা দায়ের করেন। মামলা দুটি তদন্ত করছেন দুদক-কুমিল্লা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ।
 
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে ইয়াবা ও মাদক ব্যবসায়ের অভিযোগে মুরাদনগর থানায় মাদক আইনে মামলা রয়েছে।