কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩০

আপডেট : ১১ জুলাই ২০১৬, ২০:৪০
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে এক কিশোরীসহ আরো ৯ জন নিহত হয়েছে। এই নিয়ে চলমান এই বিক্ষোভে মোট ৩০ জন প্রাণ হারাল। এই বিক্ষোভে এখন পর্যন্ত কয়েকশ’ মানুষ আহত হয়েছেন। খবর-এএফপির।
 
এই টালমাটাল অবস্থার মধ্যেই সেখানে একজন পুলিশ সদস্যকে উত্তেজিত জনতা নদীতে ডুবিয়ে মেরেছে বলে খবর পাওয়া যাচ্ছে। তবে কিছু গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, ইট পাটকেলের হাত থেকে বাঁচতে ওই পুলিশকে বহনকারী গাড়ি ঘুরানোর সময় তা নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায়। তবে নিরপেক্ষ সূত্র থেকে ঘটনাটি নিশ্চিত করা সম্ভব হয়নি।
 
শুক্রবার সরকারি বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কাশ্মিরের বৃহত্তম বিদ্রোহী সংগঠন হিজবুল মুজাহিদিন (এইচএম) এর ২২ বছর বয়সী কমান্ডার বুরহান ওয়ানি নিহত হওয়ার পর এই বিক্ষোভ শুরু হয়।
IMG0
কাশ্মির উপত্যকার অধিকাংশ স্থানে কারফিউ বলবৎ থাকার পরও বিক্ষোভকারীরা বিক্ষোভ করে। এ সময় সরকারি বাহিনী বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালায়।
 
তৃতীয় দিনের মতো সোমবার স্থবির হয়ে পড়ে উপত্যকাটির জনজীবন। সেখানকার দোকানপাট ও ব্যবসা বাণিজ্য বন্ধ থাকে। বিক্ষুব্ধ জনতা আরো একবার কারউফিউ ভঙ্গ করে রাস্তা নেমে আসে। ২০১০ সালের পর থেকে এটাই কাশ্মিরে সবচেয়ে বড় অস্থিরতা।