'ভালো খবর আনতে পারবো বলে আশা করছি'

আপডেট : ১৩ জুলাই ২০১৬, ১১:৩২
 
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) আমন্ত্রণে ওয়াশিংটনে যাচ্ছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর পরিচালক আরিফুল হাসান অপু। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এ তথ্য জানান। 
 
তিনি জানান, আগামী ১৮ জুলাই নাসার প্রধান কার্যালয়ে নাসার প্রধান বিজ্ঞানী এলেন স্তোফান, সি টি ও দেবরা দিয়াজসহ একটি বড় টিম-এর সঙ্গে 'নাসা স্পেসএপ্স বাংলাদেশ' টিম-এর আলোচনা হবে। 
 
তিনি বলেন, 'ওই আলোচনায় Space Apps Project Accelaretor, NASA Innovation Centre সহ বাংলাদেশ থেকে কিভাবে নাসার সঙ্গে আমাদের দেশের ছাত্র/ ছাত্রী ও আমাদের প্রফেশনালরা কাজ করতে পারে এইসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।'
 
তিনি আরো বলেন, 'আপনাদের কারো যদি কিছু জানার আগ্রহ থাকে, কমেন্ট (http://bit.ly/29CU62S) এ লিখতে পারেন। আমাদের আলোচনায় সেসব বিষয় আমি সংযুক্ত করে নিবো। আশা করি, ভালো কিছু নিউজ নিয়ে আসতে পারবো।'
 
আরিফুল হাসান অপু একজন তরুণ উদীয়মান বাংলাদেশি আইটি উদ্যোক্তা। তার বেশ কিছু উল্লেখযোগ্য আবিষ্কার রয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বেশ কয়েকবার পুরস্কৃত হয়েছেন তিনি। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রায় ৪৫টি বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি মেলার নির্দেশক ও বিচারকের দায়িত্ব পালন করেছেন। আরিফুল হাসান অপু জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্ঠা করেন ডক্টরসবিডি.কম। এটি আমাদের দেশের প্রথম চিকিত্সা বিষয়ক ওয়েব পোর্টাল। এছাড়াও তিনি তথ্য-প্রযুক্তিভিত্তিক সেবামূলক প্রতিষ্ঠান ‘ই-সফট’-এর প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি দেশের সবচেয়ে বড় স্টুডেন্ট ফোরাম ‘বেসিস স্টুডেন্টস ফোরাম’-এর সমন্বয়কের দায়িত্বে আছেন। বর্তমানে তিনি বিশ্বের সবচেয়ে বড় হ্যাকাথন ‘নাসা অ্যাপ চ্যালেঞ্জ-২০১৬’-এর বাংলাদেশ পর্বের সমন্বয়ক।