পূর্ব আফ্রিকায় দক্ষিণ সুদানি শরণার্থীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যেতে পারে বলে জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে। এ কারণে সংস্থাটি সশস্ত্র গ্রুপগুলোর কাছে যুদ্ধবিরতি কার্যকরের মাধ্যমে সাধারণ মানুষ যাতে নিরাপদে অন্যত্র আশ্রয় নিতে পারে তার আহবান জানিয়েছে।
এই ভয়াবহ অবস্থায় রাজধানী জুবা থেকে শুধু গত চারদিনে ৪২ হাজার লোক পালিয়ে গেছে। প্রেসিডেন্ট সালভা কিরের বিদ্রোহী বাহিনী ও ভাইস প্রেসিডেন্টের অনুগত বাহিনীর মধ্যে সংঘর্ষে মৃতের সংখ্যা ৩০০ জনে দাঁড়িয়েছে।
দক্ষিণ সুদানে জাতিসংঘ শরণার্থী সংস্থার সমন্বয়ক অ্যান এনকন্টির শুক্রবার বলেছেন, দেশটিতে চলমান এ সংঘর্ষের কারণে তাদের উদ্বেগ দিনে দিনে বেড়ে চলেছে। সংঘর্ষের কারণে যেভাবে রাজধানী ছেড়ে লোকজন পালিয়ে যাচ্ছে তা আমাদের সকলের বিবেককে নাড়িয়ে দিবে। তাই বিশ্ব নেতৃবৃন্দ কখনোই এটি মেনে নিতে পারে না।
তিনি বলেন, দুর্গত শরণার্থীদের সাহায্যে আমরা ৭০ কোটি ১০ লাখ মার্কিন ডলারের ত্রাণ সহায়তা চেয়েছি। তিনি আরো বলেন, শুধু বর্তমান সময়ে নয় ২০১৩ সাল থেকে দেশটিতে গৃহযুদ্ধের কারণে হাজার হাজার লোক দেশ ছেড়ে পালিয়ে গেছে। এসব লোক বিভিন্ন সময়ে উগান্ডা, ইথিওপিয়াসহ আশপাশের বিভিন্ন দেশে আশ্রয় নেয়।
গত বৃহস্পতিবার উগান্ডা সেনাবাহিনী তাদের দেশের ৩ হাজার নাগরিককে দক্ষিণ সুদান থেকে নিরাপদে ফিরিয়ে আনতে অভিযান চালায়। সূত্র: আল জাজিরা
