তুরস্কের ঠিক একদিন পর আর্মেনিয়ায় বেশ কিছু সময়ের জন্য ব্লক করে দেয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। রাজনৈতিক অস্থিরতা রুখতেই মাধ্যমটি ব্লক করা হয় বলেই ধারণা করা হচ্ছে। স্থানীয় টুইটার ব্যবহারকারীদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ম্যাশেবল।
আর্মেনিয়ার নিরাপত্তা সেবাদাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার সশস্ত্র একদল লোক দেশটির রাজধানী ইয়েরেভানের পুলিশ সদর-দপ্তরে অর্তকিতে হামলা চালায়। গত জুন মাসে গ্রেফতার হওয়া বিরোধী দলীয় কর্মী জিরাইফ সেফিলিয়ানকে ছাড়াতে এ হামলা চালানো হয়। ওই সময় হামলাকারীরা অনলাইনে নানা গুজব রটাতে থাকে। এতে জনমনে অস্থিরতা দেখা দেয়। আর সেজন্য ব্লক করা হয় ফেসবুক।
