নাটোরের বড়াইগ্রাম উপজেলার ইসলামপুর গুনাইহাটি সিনিয়র মাদরাসার ইংরেজি শিক্ষক আলমগীর হোসেনের বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগে উঠেছে।
সোমবার সকালে অভিযুক্ত শিক্ষকের অপসারণের দাবিতে অভিভাবক ও শিক্ষার্থীরা মাদরাসার প্রধান ফটক তালাবদ্ধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।
মানববন্ধনকালে বনপাড়া পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, সমাজসেবক তফিজুল ইসলাম পারুল ও আব্দুস কুদ্দুস মজুমদার, ম্যানেজিং কমিটির সভাপতি রেজাউল করিম মুন্সী ও পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুম আহমেদ বক্তব্য রাখেন।
এ সময় বিক্ষুব্ধ অভিভাবকরা দীর্ঘ সময় ধরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। পরে উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) প্রভাষক আব্দুল হাকিম ঘটনাস্থলে এসে ম্যানেজিং কমিটির সহায়তায় দোষী ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে অভিভাবকরা শান্ত হন এবং অবরোধ তুলে নিয়ে মাদরাসার তালা খুলে দেন।
এ সময় বক্তারা বলেন, গত ১৬ জুলাই পড়া না করে আসার অজুহাতে শিক্ষক আলমগীর হোসেন একজন ছাত্রীর বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন। এতে প্রতিবাদ করায় ঐ শিক্ষকের বেধড়ক মারপিটে সে শ্রেণিকক্ষেই অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক আলমগীর হোসেন তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। ম্যানেজিং কমিটির সভাপতি রেজাউল করিম মুন্সী বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। ম্যানেজিং কমিটির জরুরি মিটিং ডাকা হয়েছে। মিটিংয়ে আলোচনা শেষে তার ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, এর আগেও তার বিরুদ্ধে একাধিক ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল।
