কাজাখিস্তানে পুলিশের ওপর হামলা নিহত ২, চলছে অভিযান

আপডেট : ১৮ জুলাই ২০১৬, ১৪:৪১
 
কাজাখিস্তানের অর্থনৈতিক রাজধানী আলমাতিতে সন্ত্রাসীদের গুলিতে দুই পুলিশ সদস্য নিহত হওয়ার পর সেখানে অভিযান শুরু করেছে স্থানীয় পুলিশ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এই কথা জানিয়েছে।
 
পুলিশের একটি সূত্র বলছে, 'সম্ভবত প্রচলিত ধারার ইসলাম ধর্মে বিশ্বাসী নয় মৌলবাদের এমন ধারার অনুসারীরা আলমাতির কেন্দ্রীয় অঞ্চলে গুলি চালিয়েছিল।'
 
সাধারণত ইসলামপন্থী জঙ্গিদের ক্ষেত্রে দেশটির পুলিশ বিভাগ এ কথা বলে থাকে। দুইজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানিয়েছেন, আলমাতির কেন্দ্রীয় অঞ্চলের বেশ কয়েক জায়গা থেকে তারা গুলির শব্দ শুনতে পেয়েছেন।
 
আলমাতি মুসলিম সংখ্যাগরিষ্ঠের এই দেশটিতে সবচে বড় শহর। একটি দোকানের কর্মচারী ফোনে জানান, 'আমরা একজন ব্যক্তিকে রাইফেল হাতে যেতে দেখেছি।'
 
 
অভিযানে অন্ততপক্ষে একজন হামলাকারী পুলিশের হাতে ধরা পড়েছেন। এই ঘটনায় বেশ কয়েকজন পুলিশ আহতও হয়েছেন।
 
এই ঘটনার প্রায় দেড় মাস আগে গেল জুনে কাজাখিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে দুটি বন্দুকের দোকান ও সামরিক বাহিনীর একটি ইউনিটের উপর সন্দেহভাজন ইসলামি জঙ্গি-বিদ্রোহীদের হামলা চালায়। এতে নিহত হন ৬ জন। পুলিশের পাল্টা হামলায় হামলাকারীদের ৪ জনও নিহত হন। দেশটির আকতোবে শহরে ওই ঘটনাটি ঘটে।
 
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আলমাস সাদুবায়েভ তখনও জানিয়েছিলেন, হামলাকারীরা 'মৌলবাদ, অ-প্রথাগত ধর্মীয় আন্দোলনের অনুসারী।'
 
প্রসঙ্গত, কাজাখিস্তানে ইসলামি জঙ্গি হামলা বিরল। ২০১১ সালে আকতোবে শহরেই কাজাখিস্তানের প্রথম আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছিল। শহরটি রাশিয়ান সীমান্তের কাছে অবস্থিত। বিবিসি।