তাইওয়ানে ভুয়া এটিএম কার্ডের মাধ্যমে দেশটির বিভিন্ন বুথ থেকে ২.৫ মিলিয়ন ডলার সমমানের অর্থ তুলে নিয়েছে বিদেশিরা। এই অভিযোগে তিন বিদেশিকে গ্রেফতার করেছে দেশটি।
দেশটির পুলিশ জানিয়েছে, পূর্ব ইউরোপ ও রাশিয়ার কয়েকটি অপরাধী নেটওয়ার্ক বেশ কয়েকটি বাণিজ্যিক ব্যাংকের এটিএম বুথে ম্যালওয়্যার ইনস্টল করতে সক্ষম হয়। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, মুখোশ পরিহিত চোররা এটিএম থেকে টাকার ব্যাগ ভর্তি করে বের হয়ে যাচ্ছে।
তাইওয়ানের উত্তর-পূর্বাঞ্চল থেকে একজন লাটভিয়ার নাগরিককে গ্রেফতার করা হয়েছে। আরো দুইজনকে তাইওয়ানের রাজধানী থেকে আটক করা হয়েছে। চুরি হওয়া অর্থের অর্ধেকের বেশি উদ্ধার করা সম্ভব হয়েছে। সন্দেহভাজন ১৩ জন তাইওয়ান ছেড়ে পালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিবিসি।
