বিনোদন রিপোর্ট
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের উদ্যোগে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো দু-দিনব্যাপী তৃতীয় সঙ্গীত উত্সব ২০১৯। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন চত্ত্বরে অনুষ্ঠিত এই আয়োজনে ছিল দেশি-বিদেশি বরেণ্য শিল্পীদের সঙ্গীত পরিবেশনা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রী ও শিক্ষকদের পরিবেশনা, নৃত্যনাট্য, সেমিনার ও সম্মাননা প্রদান।
উত্সবের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান। সঙ্গীত বিভাগের চেয়ারম্যান ও সঙ্গীত উত্সব কমিটির আহ্বায়ক অণিমা রায়ের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন সঙ্গীত বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহমুদুল হাসান।
সমাপনী দিনে সকাল ১১টায় সঙ্গীতবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের অধ্যাপক ড. অসিত রায়। এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ)-এর প্রাক্তন অধ্যাপক ড. আ বা ম নুরুল আনোয়ার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম। সেমিনারে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।
সমাপনী দিনে সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী ও রবীন্দ্রসঙ্গীতশিল্পী মিতা হককে সম্মাননা প্রদান করা হয়।
এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের ছাত্রছাত্রীরা সঙ্গীত পরিবেশন করে। এদিনের সাংস্কৃতিক আয়োজনে সঙ্গীত পরিবেশন করে দেশবরেণ্য শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, সুবীর নন্দী, কিরণ চন্দ্র রায়, লাইসা আহমেদ লিসা, মোহাম্মদ শোয়েব, রাজরূপা চৌধুরী (সরোদ), স্বাগতা মুখার্জী (শাস্ত্রীয় সঙ্গীত, ভারত), সুপ্রিয়া দাশ (শাস্ত্রীয় সঙ্গীত), বিট্টু নৃত্যগোষ্ঠী (ভারত), শুষেণ রায় (তবলা), ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের ছাত্রছাত্রী ও শিক্ষকরা।

