২৮ জুলাই থেকে প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হচ্ছে ‘বিপিও সম্মেলন ২০১৬’। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি(আইসিটি) বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি(আইসিটি) অধিদপ্তর এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্য) যৌথ উদ্যোগে আয়োজন করা হচ্ছে এই সম্মেলন। এ আয়োজনকে সফল করতে সহযোগিতা করবে এডিএন টেলিকম।
আর এ নিয়ে বাক্য-এর সাথে চুক্তি করেছে এডিএন টেলিকম লিমিটেড। সোমবার বাক্য'র কার্যালয়ে ব্যবসায়িক ওই চুক্তি সই হয়। এ সময় এডিএন টেলিকমের চীফ ফিনান্সিয়াল অফিসার এনায়েত হোসেন ও বাক্য'র সহ-সভাপতি ওয়াহিদ শরীফ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
চুক্তি মোতাবেক এডিএন টেলিকম লিমেটেড স্পন্সরশিপের পাশাপাশি সম্মেলন চলাকালীন সময়ে ওয়াইফাই ইন্টারনেট এবং লাইভ স্ট্রিমিং সুবিধা দেবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাক্য'র সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মাদ আমিনুল হক, পরিচালক মো. তানজিরুল বাসার, এডিএন টেলিকমের বিজনেস ডিরেক্টর একেএম সাফিউল আজিম, সিটিও মোহাম্মাদ ফাজলুন নাঈম, সিএমও ফয়সাল বিন রফিক, হেড অফ আইপিটিএসপি অ্যান্ড ভিসি আশরাফ খানসহ অনেকে।
দেশীয় ও আন্তর্জাতিক বাজারে বিজনেস প্রসেস আউটসোর্সিং বা বিপিও খাতের অবস্থানকে তুলে ধরার জন্য গত বছর প্রথম বারের মতো আয়োজন করা হয় ‘বিপিও সামিট ২০১৫’। এই ধারবাহিকতায় ২৮ ও ২৯ জুলাই দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত হবে ‘বিপিও সম্মেলন ২০১৬’।
