রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শরিফুল ইসলাম (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়। শরিফুল ইসলাম রাজশাহীর মাসকাটাদিঘী এলাকার মনসুর আলীর ছেলে।
এদিকে গতকাল বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত বহিরাগতদের উৎপাতের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী অবস্থান কর্মসূচি পালন করে। তারা অনুষদ চত্বরে বেঞ্চ ফেলে এ কর্মসূচি পালন করে।
জানা যায়, সকালে রাবি স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী ও বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের এক অধ্যাপকের মেয়ে কাজলা গেট দিয়ে পশ্চিমপাড়ায় বাসায় ফিরছিলেন। ওই ছাত্রী মন্নুজান হলের পেছনের রাস্তা দিয়ে পশ্চিপাড়ায় প্রবেশ করছিল। দীর্ঘক্ষণ পেছন থেকে অনুসরণ করে আসা শরিফুল অতর্কিত তার পথরোধ করে শারীরিকভাবে যৌন নির্যাতন শুরু করে। এ সময় ওই ছাত্রীর চিৎকারে ওই এলাকায় দায়িত্বরত নিরাপত্তা প্রহরীরা ছুটে এসে শরিফুলকে ধাওয়া দিয়ে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটক করে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘এক ছাত্রীকে ইভটিজিং করায় বহিরাগত এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
