কলেজ জাতীয়করণের দাবিতে আন্দোলন অব্যাহত

আপডেট : ২০ জুলাই ২০১৬, ০০:০৯
বিভিন্ন স্থানে কলেজ জাতীয়করণের দাবিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ  আলোচনা সভা, শোভাযাত্রা ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি চালিয়ে আসছেন। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
 
চিতলমারী শেরে বাংলা ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে বিক্ষোভ
 
বাগেরহাটের চিতলমারী শেরে বাংলা ডিগ্রি কলেজ জাতীয়করণের তালিকায় নাম না থাকায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। কলেজটি ১৯৭০ সালে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শেরে বাংলা একে ফজলুল হকের নামে প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে চিতলমারী উপজেলাসহ আশেপাশের উপজেলার হাজারো শিক্ষার্থীর মাঝে কলেজটি জ্ঞানের আলো ছড়িয়ে আসছে। ১৯৯৩ সালে এ প্রতিষ্ঠানটি বাগেরহাট জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে নির্বাচিত হয়। তাছাড়া ২০১৬ সালে এ প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুক্তিযোদ্ধা মো. মোহাসীন রেজা বাগেরহাট জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হন। দাবির প্রেক্ষিতে ১৯৯৮ সালে সাবেক ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিতলমারী উপজেলা সফরকালে একে ফজলুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক জনসভায় অত্র বিদ্যাপীঠটি উপজেলা সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি দিয়ে জাতীয়করণের ঘোষণা করেন। এরপর ৩০ মে ১৯৯৯ সালের এক স্মারকে শেরেবাংলা কলেজ জাতীয়করণের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয়কে আদেশ দেন।
 
শেরে বাংলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুক্তিযোদ্ধা মো. মোহাসীন রেজা জানান, শেরেবাংলা ডিগ্রি কলেজ জাতীয়করণ এলাকাবাসীর প্রাণের দাবি। এ দাবি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাগেরহাট -১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন একাধিকবার প্রতিশ্রুতি দিয়েছেন।
 
ভোলার ফাতেমা খানম ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন
 
ভোলা জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ থেকে বাদ পড়ায় ক্ষোভ জানিয়ে সরকারি করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীরা। সোমবার দুপুরে ভোলার উপশহর বাংলাবাজারের সমাবেশে বক্তব্য রাখেন, কলেজ অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, পরিচালনা পর্ষদের সদস্য মো. কামাল হোসেন, অভিভাবক মো. খোকন, শিক্ষক, খাদিজা আক্তার, অমিতাভ অপু প্রমুখ। বর্তমানে এ কলেজে ৩ হাজার দু’শ শিক্ষার্থী অধ্যয়নরত। ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডের সেরা তালিকায় রয়েছে এ কলেজ। শিক্ষকরা বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের মাধ্যমে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
 
সারিয়াকান্দি ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে  স্মারকলিপি
 
বগুড়ার সারিয়াকান্দি ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার উক্ত কলেজের শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রীরা উপজেলা পরিষদে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসের মাধ্যমে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব এবং শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
 
শেরপুর ডিগ্রি কলেজ জাতীয়করণ না হওয়ায় এলাকাবাসীর ক্ষোভ
 
বগুড়ার শেরপুর ডিগ্রি কলেজ জাতীয়করণ না হওয়ায় এলাকাবাসীর  মাঝে ক্ষোভ বিরাজ করছে। ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত এই কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহসীন আলী দেওয়ান ১৯৭১ সালে রাজাকার-আলবদর বাহিনীর হাতে শহীদ হন। বর্তমানে কলেজটিতে ৬টি বিষয়ে স্নাতক অনার্স কোর্স চালু করা হয়েছে এবং প্রায় ৪ হাজার ছাত্রছাত্রী লেখাপড়া করছে।
 
শেরপুর ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে কলেজের শিক্ষক, কর্মচারী, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী অংশ নেন। পরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছা. আঞ্জুমান আরার সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আল মাহমুদ কমল, শিক্ষক কাউন্সিলের সেক্রেটারি নুরুল ইসলাম, প্রভাষক ফেরদৌস জামান, কামরুন্নাহার, আব্দুল আলীম, আব্দুল মান্নান, ফেরদৌস জামান জুয়েল, আব্দুস সাত্তার, ছাত্রলীগ শেরপুর উপজেলা শাখার সভাপতি আবু বকর সিদ্দিক, কলেজ শাখার সভাপতি সুমন শাকিল, অভিভাবক এস এম মতিউর রহমান প্রমুখ।
 
কসবা টি. আলী ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন
 
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সদরে টি. আলী ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছে কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা। গত সোমবার দুপুরে ১২টা থেকে কলেজের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো. তাফাজ্জল হোসেন, উপাধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ, সহকারী অধ্যাপক আবু নাছার, বদিউল আলম, আলমগীর উসমান ভূইয়া, শিক্ষার্থী মো. গোলাম কিবরিয়া প্রমুখ।
 
কিশোরীগঞ্জ ডিগ্রি কলেজকে সরকারিকরণের দাবিতে মিছিল
 

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কিশোরীগঞ্জ ডিগ্রি কলেজকে সরকারিকরণের দাবিতে কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও গভর্নিং বর্ডির সদস্য রাজনৈতিক নেতৃবৃন্দসহ একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন কিশোরীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. সহিদুল ইসলাম (সদু) গভর্নিং বর্ডির সদস্য মো. আলম হোসেন, রেজাউল ইসলাম প্রমুখ।