কিকঅ্যাস টরেন্টের ‘মাস্টার মাইন্ডের’ বিরুদ্ধে অভিযোগ গঠন

আপডেট : ২১ জুলাই ২০১৬, ১৭:৩০
বিশ্বের সবচেয়ে বড় পাইরেটেড ফাইল শেয়ারিং ওয়েবসাইট কিকঅ্যাস টরেন্ট এর ‘মাস্টার মাইন্ড’ হিসেবে আর্তেম ভলিনকে অভিযুক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তার বিরুদ্ধে গত আট বছরে ১ বিলিয়ন পাউন্ড মূল্যের সিনেমা ও মিউজিক পাইরেসি করার অভিযোগ আনা হয়েছে 
 
ইউক্রেনের এই নাগরিককে মানি লন্ডারিং কপিরাইট আইনভঙ্গের অভিযোগে বুধবারে পোল্যান্ডে আটক করা হয়েছে। মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, তারা পোল্যান্ডের কাছে ভলিনকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করার অনুরোধ জানাবে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, কিকঅ্যাস টরেন্ট বিশ্বে ২৮টি ভাষায় পরিচালিত হয় এবং এর আর্থিকমূল্য ৫৪ মিলিয়ন ডলার। মার্কিন অ্যাটর্নি বলেন, কপিরাইট ভঙ্গ শিল্পীর জীবনধারণ ও সৃষ্টিশীলতায় একটি বড় আঘাত। ভলিন ইন্টারনেট ব্যবহার করে শিল্পীদের মারাত্মক ক্ষতি করেছেন।
 
কিকঅ্যাস টরেন্ট অবৈধ ফাইল তাদের ওয়েবসাইটে হোস্ট করে না, তবে তারা লিংক প্রদান করে যেখান থেকে ব্যবহারকারীরা টরেন্ট ক্লায়েন্টের মাধ্যমে অনুমোদনছাড়া কপি করা কনটেন্ট ডাউনলোড করতে পারে। সাইট মনিটরিং অ্যালেক্সার মতে কিকঅ্যাসের মালিকানায় থাকা একটি ডোমেইন জনপ্রিয়তায় বিশ্বে ৭০তম অবস্থানে রয়েছে। জানা গেছে, ভলিন আটক হওয়ার পরে কিকঅ্যাস টরেন্টের সাইট অফলাইনে চলে গেছে। বিবিসি।