রাজশাহীতে ‘সেজান জুস ফ্যাক্টরির ৪০০ মণ পঁচা আম ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত গোদাগাড়ী উপজেলার চব্বিশনগরে সেজান জুসের ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করে ওইসব পঁচা আম দিয়ে জুস তৈরির অভিযোগে ফ্যাক্টরি কর্তৃপক্ষকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে অত্যন্ত নিম্নমানের ও দুর্গন্ধযুক্ত ২০০ মণ আধাপাকা ও পঁচা আম কিনে ৪টি ট্রলিতে করে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাধুরমোড় এলাকায় ওই ট্রলি ৪টি আটক করে পুলিশ। এরপর বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়। পরে ইউএনওর নির্দেশে আমগুলো উপজেলার সাহাব্দিপুর এলাকায় নিয়ে গিয়ে ধ্বংস করা হয়।
ওসি আরো জানান, এরপর দুপুরে তিনি ও উপজেলা নির্বাহী অফিসার চব্বিশনগরে সেজান জুসের ফ্যাক্টরিটিতে অভিযান চালান। এ সময় সেখানে আরো প্রায় ২০০ মণ আধাপাকা ও পঁচা দুর্গন্ধযুক্ত আম পাওয়া যায়। পরে সেগুলোও ধ্বংস করা হয়। এসব আম দিয়ে জুস তৈরির অভিযোগে ফ্যাক্টরিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খালিদ হোসেন এই রায় দেন। ফ্যাক্টরির ব্যবস্থাপক আবদুল করিম জরিমানার এই টাকা পরিশোধ করেছেন।
