প্রতিষ্ঠাবার্ষিকীর স্মরণিকায় সাবেক সামরিক শাসক জিয়াউর রহমানকে বাংলাদেশের ‘প্রথম রাষ্ট্রপতি’ লেখা এবং তার প্রতিবাদে বিক্ষোভের ভেতর উপাচার্যের গাড়ি ভাঙচুরের ঘটনা তদন্ত করতে কমিটি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় পাঁচ সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল এ তথ্য জানান।
তিনি বলেন, জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি লেখা ও উপাচার্যের গাড়ি ভাঙচুরের ঘটনা খতিয়ে দেখতে এ কমিটি করা হয়েছে।
কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দিনকে প্রধান করে গঠিত এ কমিটির অন্য সদস্যরা হলেন- অধ্যাপক নাজমা শাহীন, অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, অ্যাডভোকেট এ এফ এম মেজবাউদ্দিন ও এস এম বাহালুল মজনুন।
গত ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর স্মরণিকায় ‘স্মৃতি অম্লান’ শিরোনামে বিশ্ববিদ্যালয়ের হলগুলোর বর্ণনা দিতে গিয়ে জিয়াউর রহমান হলের ক্ষেত্রে জেনারেল জিয়াকে ‘বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, সাবেক সেনাপ্রধান ও মুক্তিযোদ্ধা’ হিসেবে বর্ণনা করা হয়।
আর বঙ্গবন্ধু হল ও বঙ্গবন্ধু টাওয়ারের ইতিহাস তুলে ধরতে গিয়ে স্মরণিকার অষ্টাদশ পৃষ্ঠায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে লেখা হয়েছে, তিনি ‘বাংলাদেশে অন্যতম প্রধান রাজনৈতিক নেতা, যিনি পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে অন্যতম পুরোধা ব্যক্তিত্ব এবং বাংলাদেশের জাতির জনক হিসেবে বিবেচিত।’
বিডিনিউজ।
