আশুলিয়ায় ট্রাকচাপায় নারী পোশাক শ্রমিকের মৃত্যু

আপডেট : ২২ জুলাই ২০১৬, ১৩:৩৪
ঢাকার আশুলিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ওই পোশাক শ্রমিকের ছয় বছরের একটি শিশু। শুক্রবার সকালে আব্দুল্লাহপুর-বাইপাইল মহাসড়কের আশুলিয়ার টঙ্গাবাড়ী এলাকায় ন্যাচারাল ডেনিম গার্মেন্টের সামনে এই দুর্ঘটনা ঘটে।
 
নিহত পোশাক শ্রমিকের নাম হাসনা বেগমের (৩০)। তার বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানায়। তিনি আশুলিয়ার কুটুরিয়া এলাকায় স্বামী আনোয়ার হোসেনের সঙ্গে ভাড়াবাসায় বসবাস করে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে কাজে যাওয়ার সময় আব্দুল্লাহপুর-বাইপাইল মহাসড়কের আশুলিয়ার টঙ্গাবাড়ী এলাকায় ন্যাচারাল ডেনিম গার্মেন্টের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন হাসনা বেগম ও তার সন্তান। এ সময় বাইপাইল থেকে ছেড়ে আসা বেপরোয়াগতির গরুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হাসনার মৃত্যু হয়। আহত হয় তার ছয় বছরের শিশু সন্তান। পরে স্থানীয়রা আহত ওই শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে ভর্তি করে। ট্রাকটিকে আটক করলেও এর চালক পালিয়ে যায়।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার এসআই একরামুল হক জানান, ট্রাকটি থানায় নিয়ে আসা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে।