চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে পদবঞ্চিত ও আশানুরূপ পদ না পাওয়া নেতা-কর্মীদের ডাকা অবরোধ তুলে নেয়া হয়েছে। শুক্রবার দিবাগত রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের আশ্বাসে তারা এ অবরোধ তুলে নেয়।
এ বিষয়ে নিশ্চিত করে নগর আওয়মী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাসির উদ্দিনের অনুসারি আশানুরূপ পদ না পাওয়া নেতা আব্দুল মালেক ইত্তেফাককে জানান, আমাদের দাবি-দাওয়া সম্পর্কে কেন্দ্রীয় ছাত্রলীগকে অবহিত করেছি। কেন্দ্রীয় ছাত্রলীগ আমাদের আশ্বস্ত করেছে। তাই আমরা আমাদের আন্দোলন প্রত্যাহার করেছি।
অন্যদিকে নগর আওয়ামী লীগের সভাপতি ও প্রাক্তন সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারি ও আন্দোলনকারী পক্ষের আরেক নেতা রেজাউল হক রুবেল জানান, পদবঞ্চিতদের নামের তালিকা কেন্দ্রীয় ছাত্রলীগ গ্রহন করেছেন। আমাদেরকেও আশ্বস্ত করেছেন। তাই আমরা আমাদের আন্দোলন প্রত্যাহার করেছি।
এর আগে গত ১৮ জুলাই চবি ছাত্রলীগের কমিটির মেয়াদ শেষ হওয়ার দুই দিন আগে ২০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করে কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটি ঘোষণার পর থেকেই পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়া ছাত্রলীগ নেতা-কর্মীরা কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ কামনা করে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয়। আল্টিমেটাম শেষ হওয়ার পর ২০ জুলাই থেকে অবরোধের ডাক দেন আন্দোলনকারীরা। অবরোধ চলাকালে ঐদিন বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে হামলা চালিয়ে এক ট্রেন চালক ও রেলওয়ে পুলিশের সদস্যকে আহত করা হয়। এ ঘটনার পর নিরাত্তাহীনতার কারণ দেখিয়ে শাটল ট্রেন বন্ধ রাখার ঘোষণা দেন বাংলাদেশ রেলওয়ে সংগ্রাম পরিষদ। এরপর থেকে শাটল ট্রেন বন্ধ রয়েছে।
এদিকে রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবে সমাধান করায় কেন্দ্রীয় ছাত্রলীগকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরী জানান, অবরোধ প্রত্যাহার হয়েছে এ বিষয়টি আমরা রেলওয়ে কর্তৃপক্ষকে জানিয়েছি। আগামীকাল থেকে যথারীতি ট্রেন চলাচল করবে।
