স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে পথচলা থামছে ইয়াহুর। প্রতিষ্ঠানটির বিগত কয়েক মাস ধরে চলা বিক্রয়-প্রক্রিয়া প্রায় শেষপ্রান্তে। মার্কিন এই প্রতিষ্ঠানের অনুসন্ধান, কনটেন্ট, মোবাইল ও বিজ্ঞাপন ব্যবসা কিনতে ৫ বিলিয়ন মার্কিন ডলারের প্রস্তাব দিয়ে নিলাম দৌড়ে এগিয়ে ভেরিজোন কমিউনিকেশন ইনকর্পোরেটেড। এসব তথ্য জানিয়েছে ব্লুমবার্গ।
এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি, তবে তাও জানা যাবে দু-চার দিনের মধ্যেই, দাবি সিএনবিসি'র।
এ ব্যাপারে টেকক্রাঞ্চের পক্ষ থেকে যোগাযোগ করা হলে ভেরিজোন-এর এক কর্মকর্তা মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
তবে ইয়াহুর মুখপাত্র রেবেকা নিউফিল্ড জানান, বিক্রয়-প্রক্রিয়ার সততার স্বার্থে চুক্তি চূড়ান্ত হওয়ার আগে আমরা কিছুই বলতে পারছি না।
এর আগে রি/কোড এক খবরে জানিয়েছিলো, ইয়াহুর মূল ব্যবসা কিনতে ৩ বিলিয়ন মার্কিন ডলারের অফার দেয় ভেরিজোন। সেটাকেই বাড়িয়ে ৫ বিলিয়ন ডলার করেছে নিলাম দৌড়ে শুরু থেকে লেগে থাকা প্রতিষ্ঠানটি।
সিএনএন মানির খবরে প্রকাশ, আগামী কয়েক দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। এতে স্বাধীন কোম্পানি হিসেবে ২১ বছরের পথচলা থামবে ইয়াহুর। পাশাপাশি অবসান হবে ইয়াহুর মরিসা মেয়ার অধ্যায়ের, যিনি প্রতিষ্ঠানটিকে আবার দাঁড় করানোর জন্য নিয়েছিলেন নানান উদ্যোগ।
বেশ কিছু দিন ধরে প্রযুক্তিবিশ্বে এটাই জল্পনা, কে কিনতে পারে ইয়াহুর মূল ব্যবসা। সম্ভাব্য নাম হিসেবে আসে ভেরিজোন কমিউনিকেশনস, ডেইলি মেইল, ও মার্কিন টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটির। এ ছাড়া আসে দ্বিতীয় শীর্ষ ধনী ওয়ারেন বাফেটের নামও।
ব্যবসায়িক দিক থেকে সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছিলো না ইয়াহুর। মন্দার মধ্যে পড়ায় প্রতিষ্ঠানের মূল ব্যবসা বিক্রির ঘোষণা দেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মরিসা। এর সবই পুরোনো খবর।
