২০১৩ সালে এক চুক্তির মাধ্যমে মাইক্রোসফটের কাছে মোবাইল বিভাগ বিক্রি করে প্রযুক্তি পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান নকিয়া। এরপর দুই বছরের জন্য নকিয়া নাম ব্যবহার করে হ্যান্ডসেট বাজারে আনার অধিকার হারায় প্রতিষ্ঠানটি।
তবে বেশ কিছু দিন ধরে শোনা যাচ্ছে, আবারও হ্যান্ডসেট তৈরিতে ফিরছে নকিয়া এবং সেটা চলতি বছরই। কিন্তু এখন ভিন্ন কথা শোনা যাচ্ছে। আর তা হলো চলতি বছর নয়, বরং আগামী বছর দুটো অ্যান্ড্রয়েড স্মার্টফোন নিয়ে বাজারে ফিরছে নকিয়া। ইতোমধ্যে এর প্রস্তুতিও শুরু হয়ে গেছে।
সূত্রের খবরে প্রকাশ, হ্যান্ডসেট দুটিতে ব্যবহার হচ্ছে গুগলের সদ্য উন্মোচিত অ্যান্ড্রয়েড ৭.০ নোগাট অপারেটিং সিস্টেম।
সংবাদ সংস্থা 'ইনকোয়্যারার'-এর তথ্য অনুযায়ী, ডিভাইস দুটির নাম এখনো জানানো হয়নি। দুটি হ্যান্ডসেটের নকশা সম্পূর্ণ করা হচ্ছে আইপি৬৮ সার্টিফিকেশনের সঙ্গে। ফলে স্যামসাংয়ের গ্যালাক্সি এস৭-এর মতোই তা পানি নিরোধক হবে।
ইনকোয়্যারারের প্রতিবেদনে প্রকাশ, ৫ দশমিক ২ ও সাড়ে ৫ ইঞ্চির ডিসপ্লেসংবলিত স্মার্টফোন দুটিতে কিউএইচডি স্ক্রিন থাকার সম্ভাবনা রয়েছে।
দীর্ঘদিন ধরেই প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছে ফিনল্যান্ডভিত্তিক নকিয়া। ২০০০ সাল নাগাদ সেলফোন বাজারে এনে বিপ্লব ঘটিয়েছিল প্রতিষ্ঠানটি। কিন্তু ২০০৭ সালে অ্যাপলের আইফোন বাজারে এসে নকিয়ার একচ্ছত্র আধিপত্য ম্লান করে দেয়। এর পর অ্যাপলের পাশাপাশি স্যামসাংসহ অন্য নির্মাতারা স্মার্টফোনের বাজারে প্রবেশ করলে প্রতিযোগিতায় টিকে থাকতে পারেনি নকিয়া।
চলতি বছরের মে মাসে নকিয়া জানায়, ফিনল্যান্ডভিত্তিক এইচএমডিকে নিজের ব্র্যান্ড ব্যবহার করে হ্যান্ডসেট ও ট্যাবলেট তৈরির লাইসেন্স দিয়েছে। দুই বছর আগে নকিয়ার ফিচার ফোন বিভাগ ৭২০ কোটি ডলারে অধিগ্রহণ করেছিল মাইক্রোসফট। কিন্তু মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি এতে লাভবান হয়নি। মাইক্রোসফটের লুমিয়া ও উইন্ডোজ ফোন বাজারে সাড়া জাগাতে ব্যর্থ হয়।
