যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের প্রাইমারিতে অন্য প্রতিদ্বন্দ্বীদের 'বাধা দিয়ে' হিলারি ক্লিনটনকে সুবিধা পাইয়ে দেয়ার অভিযোগ ওঠায় পদত্যাগ করেছেন দলটির প্রধান ডেবি ওয়াজেরমেন শুলজ। উইকিলিকস মার্কিন এই দলের নেতাদের কয়েকহাজার ইমেইল প্রকাশ করেছেন। সেখানে দেখা যায়, দলের শীর্ষ নেতৃত্ব পর্যায়ে থাকা এই নেতাদের প্রাইমারি নির্বাচনে নিরপেক্ষ থাকার কথা থাকলেও তারা অনেকেই হিলারিকে সমর্থন করেছে।
এদিকে ডেমোক্রেট ন্যাশনাল কনভেনশনের কয়েক ঘণ্টা আগে ডেবি পদত্যাগের ঘোষণা দেয়া নিয়ে তীব্র পর্যালোচনা ও সমালোচনা হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমে।
সোমবার স্থানীয় সময় বিকাল থেকে ফিলাডেলফিয়ায় ডেমোক্রেটদের কনভেনশন শুরু হবে। বিভিন্ন অঙ্গরাজ্যে অনুষ্ঠিত প্রাইমারি ও ককাসে সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধির সমর্থন পাওয়া হিলারিকে চারদিনের এ কনভেনশনে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন দেয়ার কথা রয়েছে।
এর ঠিক আগে শুক্রবার উইকিলিকস ২০১৫ সালের জানুয়ারি থেকে এ বছরের মার্চ পর্যন্ত ডেমোক্রেট দলের সাত শীর্ষ নেতাসহ বিভিন্ন পর্যায়ে চালাচালি হওয়া প্রায় ২০ হাজার ইমেইল ও আট হাজার নথি ফাঁস করে দেয়। ই-মেইলগুলোতে বিভিন্ন অঙ্গরাজ্যের প্রাইমারি ও ককাসের আগে বার্নি স্যান্ডার্স শিবিরের প্রচারকে 'ক্ষতিগ্রস্ত করার' অভিযোগ এসেছে।
যে সাত শীর্ষ নেতার বিরুদ্ধে হিলারিকে সুবিধা পাইয়ে দেয়ার অভিযোগ উঠেছে তারা হলেন- দলের জ্যেষ্ঠ উপদেষ্টা অন্ড্রু রাইট, দলের জাতীয় অর্থ বিষয়ক পরিচালক জর্ডান কাপলান, ফাইনান্স চিফ অব স্টাফ স্কট কোমার, দলের যোগাযোগ বিষয়ক পরিচালক লুইজ মিরান্ডা, নর্দার্ন ক্যালিফোর্নিয়ার অর্থ বিষয়ক পরিচালক রবার্ট স্টোয়ি, তথ্য ও কৌশলগত উদ্যোগ বিষয়ক অর্থ পরিচালক ডেনিয়েল পেরিশ ও অর্থ বিষয়ক পরিচালক অ্যালান জাচেরি।
উইকিলিকসের ই-মেইল ফাঁসের পর ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স ডেমোক্রেট দলের প্রধানের পদ থেকে ডেবি ওয়াজেরমেন শুলজকে সরে যাওয়ার আহ্বান জানান। এবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমার ধারণা, এই ইমেইলগুলোই প্রমাণ করছে, কেন তার আর ডেমোক্রেট দলের চেয়ারে থাকা উচিত নয়।
এদিকে উইকিলিকসে বিষয়টি ফাঁস হওয়ার পর রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ক্যাম্পেইন ম্যানেজার বলেছেন, এই ঘটনার মাধ্যমে অনেক কিছুই পরিষ্কার হয়ে গেছে। আমার ধারণা হিলারির উচিত শুলজকে অনুসরণ করে (প্রেসিডেন্ট পদ প্রার্থীতা থেকে) পদত্যাগ করা। বিবিসি ও ওয়াশিংটন পোস্ট।
