মেক্সিকোতে মেয়রসহ ৫ জনকে হত্যার অভিযোগে গ্রেফতার ৬

আপডেট : ২৫ জুলাই ২০১৬, ১৩:৩৬
 
মেক্সিকোর দক্ষিণাঞ্চলে চিয়াপাসের একটি গোলযোগপূর্ণ শহরে মেয়রসহ পাঁচজনকে হত্যার অভিযোগে ছয় ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। দেশটির কর্মকর্তারা রবিবার এ কথা জানান। এ সময় তারা জানান, সন্দেহভাজন আরো ৪ জনকে এখনও খুঁজছে পুলিশ।
 
কেন্দ্রীয় সান জুয়ান চামুলা স্কোয়ারে একটি বিক্ষোভ সমাবেশে শনিবার সকাল ৭টার দিকে বন্দুকধারীরা গুলি চালায়। এতে মেয়র দোমিঙ্গো লোপেজ গঞ্জালেজ ও দুই কর্মকর্তাসহ ৫ জন নিহত হয়। সমাবেশটি কয়েক দিন ধরে চলছিল।
 
এই হামলায় পৌরসভার এক চালক ও শহরের এক বাসিন্দাও নিহত হয়। আহত হয়েছে বেশ কয়েকজন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
চিয়াপাসের সরকার রবিবার এক বিবৃতিতে জানায়, 'এই ঘটনায় জড়িত সন্দেহে ৬ জনকে আটক করা হয়েছে। তাদেরকে বিচারকের সামনে হাজির করা হবে।'
 
সান জুয়ান চামুলা স্কোয়ারে বিক্ষোভে অংশ নিতে আশপাশের কয়েকটি এলাকা থেকে মানুষ জমায়েত হয়। ৮৭ হাজার জনসংখ্যার এই শহরের সংখ্যাগরিষ্ঠ মানুষ আদিবাসী রোমান ক্যাথলিক। বাসস।