যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি নৈশক্লাবে গুলিতে অন্তত দুইজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার ভোরে পুলিশ এই তথ্য জানিয়েছে।
এনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফোর্ট মায়ার্সের ক্লাবের পার্কিং লটে রাত সাড়ে ১২টার (ইস্টার্ন টাইম) এই ঘটনা ঘটে।
ফোর্ট মায়ার্সের পুলিশ বিভাগ দুইজন নিহতের খবর নিশ্চিত করেছে। এছাড়া ১৪-১৬ জন আহত হয়েছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পার্টিটি বিশেষ করে কিশোর-কিশোরীদের জন্য আয়োজন করা হয়েছিল। হতাহতের পরিচয় জানা যায়নি।
পুলিশ সন্দেহভাজন একজনকে আটক করেছে। সে গুলির ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ হামলার সঙ্গে সম্পর্কিত আরো দুই এলাকায় তদন্ত করছে। নৈশক্লাব ছাড়াও একটি বাড়ি ও গাড়িতে হামলা চালানো হয়েছে। তবে সেখানে সামান্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।
দ্বিতীয় হামলার এলাকায় পুলিশ একজনকে আটক করেছে। আরো সন্দেহভাজনদের ধরতে কর্মকর্তারা তল্লাশি চালাচ্ছে।
