এখন অ্যান্ড্রয়েড চালিত স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য গুগলের প্লেস্টোরে মিলছে ছবি এডিটিং অ্যাপ 'প্রিজমা'। গতকাল রোববার প্লেস্টোরে অ্যাপটি উন্মুক্ত করেছে প্রিজমা ল্যাবস ইনকরপোরেশন।
প্রিজমা মূলত ছবিকে আর্টওয়ার্ক বা শিল্পকর্মে রূপান্তর করতে পারে। গত ক'দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া জাগিয়েছে অ্যাপটি। তবে তাও কেবল আইওএস প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের মাঝে।
এবার অ্যান্ড্রয়েড চালিত স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য প্লেস্টোরে মিলছে অ্যাপটি। আর এরই মধ্যে সেখান থেকে ১৯ হাজার ৫৫৫ বার ডাউনলোড হয়েছে অ্যাপটি।
অ্যান্ড্রয়েডের জন্য গুগল প্লেতে ছাড়ার আগে গত সপ্তাহে বিটা সংস্করণ নির্দিষ্ট কিছু গ্রাহকের জন্য পরীক্ষামূলকভাবে ছাড়ে প্রিজমা ল্যাবস।
অ্যাপটি এতো জনপ্রিয়তা পেয়েছে যে, আইওএস প্ল্যাটফর্মে এখন পর্যন্ত এক কোটিরও বেশিবার ডাউনলোড হয়েছে এবং এর দৈনিক ব্যবহারকারী ১৫ লাখেরও বেশি।
