দ্বিতীয় অ্যান্ড্রয়েড স্মার্টফোন উন্মোচন ব্ল্যাকবেরির

আপডেট : ২৭ জুলাই ২০১৬, ১৪:৩২
একসময়ের জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা ব্ল্যাকবেরি পুরোদমে অ্যান্ড্রয়েড ডিভাইস উত্পাদনে মনোযোগী হচ্ছে, বেশ কিছু দিন ধরে এমন আলোচনা চলছে প্রযুক্তি বিশ্বে। এর সত্যতা মিলেছে মঙ্গলবার। ওই দিন অ্যান্ড্রয়েড চালিত নিজেদের দ্বিতীয় স্মার্টফোন উন্মোচন করেছে কানাডাভিত্তিক প্রতিষ্ঠানটি।
 
অ্যান্ড্রয়েড চালিত নিজেদের প্রথম স্মার্টফোন প্রিভ দিয়ে বাজারে বেশ সাড়া ফেলেছিলো ব্ল্যাকবেরি। এবার অ্যান্ড্রয়েড চালিত নিজেদের দ্বিতীয় স্মার্টফোন 'ডিটিইকে৫০' আরও বেশি জনপ্রিয়তা পাবে বলেই আশাবাদী সংশ্লিষ্টরা।
 
ব্ল্যাকবেরি কর্তৃপক্ষের দাবি, ডিটিইকে৫০ 'বিশ্বের সবচেয়ে নিরাপদ অ্যান্ড্রয়েড স্মার্টফোন।
 
ফোনটিতে বেশ কিছু নিরাপত্তা ফিচার রয়েছে। কোনো নিরাপত্তা ত্রুটি দেখা দিলে সাথে সাথে প্যাচ ইস্যু করার মতো ফিচারও থাকছে এতে।
 
৫.২ ইঞ্চি স্ক্রিনের এই চলবে স্ন্যাপড্রাগন ৬১৭ প্রসেসরে। ৩ জিবি র‍্যামের ডিভাইসটিতে ১৬ জিবির ইন্টারনাল স্টোরেজ সুবিধা পাওয়া যাবে, একে আবার মাইক্রোএসডি কার্ড দিয়ে ২ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।
 
অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো চালিত ফোনটিতে ১৩ মেগাপিক্সেলের অটো-ফোকাশ রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরাও থাকছে। পাশাপাশি হ্যাব, পাসওয়ার্ড কিপার, ক্যালেন্ডার এবং বিবিএম এর মতো অ্যাপও থাকছে।
 
আগামী ৮ আগস্ট থেকে ফোনটির বাজারজাতকরণ শুরু হবে। তবে এখন মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, স্পেন, ইতালি ও নেদারল্যান্ডে ফোনটির আগাম ক্রয়াদেশ শুরু হয়েছে। ওই সব দেশে ডিভাইসটির জন্য দাম নির্ধারণ করা হয়েছে ২৯৯ ডলার।