যাত্রীবাহী বাসে কলেজ ছাত্রী লাঞ্চিত, প্রতিবাদে সড়ক অবরোধ

আপডেট : ২৭ জুলাই ২০১৬, ১৩:৪৭
মেহেরপুর সরকারি কলেজের এক ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্চিত করার প্রতিবাদে কলেজের সামনের সড়কে আধা ঘণ্টা সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় বিক্ষুব্ধরা একটি বাসে ভাঙচুর চালায়। পুলিশ লাঠিচার্জ করে তাদের নিয়ন্ত্রণ করলেও উত্তেজনা থামেনি।
 
বুধবার বেলা ১১টার দিকে কলেজের সামনে মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কে যাত্রীবাহী বাসে এ ঘটনা ঘটে।
 
ওই ছাত্রীর বরাত দিয়ে পুলিশ জানায়, জেলা শহরের আমঝুপি বাস স্ট্যান্ড থেকে মেহেরপুর সরকারি কলেজের এইসএসসি প্রথম বর্ষের এক ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্চিত করে ওই মহাসড়কে চলাচলকারী লোকাল বাসের এক সুপারভাইজার। ওই ছাত্রী কলেজে পৌঁছে বিষয়টি জানালে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে মেহেরপুর-কুষ্টিয়া ও মেহেরপুর-চুয়াডাঙ্গা মহাসড়ক অবরোধ করলে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় একটি বাসে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। আধা ঘণ্টা পর ওই সুপারভাইজারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশ সুপারের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।