তুরস্কে দৈনিক জামানের সাবেক ৪৭ কর্মীর বিরুদ্ধে পরোয়ানা

আপডেট : ২৭ জুলাই ২০১৬, ১৭:৫৮
তুরস্কে দৈনিক জামান পত্রিকার সাবেক ৪৭ কর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। দেশটিতে সামরিক অভ্যুত্থান চেষ্টার সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে এমন সন্দেহভাজন ব্যক্তিদের ওপর ক্রমবর্ধমান দমনপীড়নের মধ্যে এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হল। যুক্তরাষ্ট্রে স্বেচ্ছায় নির্বাসনে থাকা ফেতুল্লা গুলেনকে অভ্যুত্থান চেষ্টার মূল পরিকল্পনাকারী হিসেবে বলছে তুরস্ক সরকার।
 
নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, পত্রিকার কয়েকজন নির্বাহী ও কলামিস্টসহ ৪৭ কর্মীর বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে। তিনি পত্রিকাটিকে অভ্যুত্থানের ‘পতাকাবাহী গণমাধ্যম’ বলে উল্লেখ করেন।
 
গত মার্চ মাসে রাষ্ট্র নিয়োগকৃত প্রশাসকরা জামান ও একই মালিকানাধীন ইংরেজি দৈনিক টুডে’জ জামানের নিয়ন্ত্রণ নেয়। তখন থেকে পত্রিকা দুটি সরকারের সমর্থনে খবর প্রকাশ করে যাচ্ছে।
 
সংশ্লিষ্ট ওই কর্মকর্তা বলেন, আগে পত্রিকাটিতে কে কি লিখেছে তার সঙ্গে এই গ্রেফতারি পরোয়ানার সম্পর্ক নেই। তবে জামানের কর্মীদের গুলেনের নেটওয়ার্ক সম্পর্কে ধারণা থাকতে পারে এবং তারা তদন্তে সহায়তা করতে পারে।-এএফপি