জাতিসংঘের সমালোচনার মুখে ভারতের শিশুশ্রম বিল

আপডেট : ২৭ জুলাই ২০১৬, ১৮:৩৬
জাতিসংঘের সমালোচনার মুখে পড়েছে ভারতের বিতর্কিত শিশুশ্রম বিল। দেশটির পার্লামেন্ট আইনটির সংশোধনের পর অনুমোদন দেওয়ায় এ বিতর্কের সূত্রপাত হয়। নতুন বিলে ১৪ বছরের কম বয়সীদের “ঝুঁকিপূর্ণ” কাজে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে পারিবারিক ব্যবসা ও যৌথ পরিবারের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না।
 
এছাড়া ১৫ থেকে ১৮ বছর বয়সীদের জন্য কিছু কাজের ক্ষেত্র কমিয়ে দেওয়া হয়েছে। সরকার বলছে, এ আইন দরিদ্র পরিবারের জন্য ইতিবাচক হবে। এছাড়া শিশুদের দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করবে। শিশুদের কাজে অব্যাহতি দেওয়ায় আইনটি “কার্যকরীভাবে বাস্তবায়ন” করা সরকারের পক্ষে সম্ভবপর হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী বানদারু দত্তাত্রেয়। বর্তমানে বিলটি প্রেসিডেন্টের স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে। এ আইনের মাধ্যমে সকল স্তরে শিশুশ্রম নিষিদ্ধ এবং যেসব শিশু কাজ করবে তাদেরকে শাস্তির আওতায় আনার বিধান রাখা হয়েছে।
 

আইনটি নিয়ে দ্বিমত পোষণ করেছেন জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের আঞ্চলিক প্রধান এবং নোবেল বিজয়ী ভারতীয় কৈলাস সত্যার্থী। ভারতে ইউনিসেফের শিক্ষাবিষয়ক প্রধান গোবিনা বলেছেন, কিছু কাজ রয়েছে যেগুলো দৃশ্যমান নয়। ফলে এ আইনের অধীনে প্রান্তিক শিশুরা স্কুলে অনিয়মিত হবে, এমনকি বাধ্যতামূলক স্কুল থেকে ঝরে পড়বে। কৈলাস সত্যার্থী বলেন, এ আইন ভারতকে “ভুল পথে” পরিচালিত করবে। সূত্র: বিবিসি