হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা সদরে অবস্থিত সৈয়দ সঈদউদ্দীন ডিগ্রি কলেজকে জাতীয়করণের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসী গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ ও মানববন্ধন করেছে। এ সময় মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পরে। সাবেক চিপ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদের গাড়িটিও আটকা পরলে তিনি সৈয়দ সঈদউদ্দীন কলেজ জাতীয়করণের দাবির সাথে একমত পোষণ করে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিলে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ প্রত্যাহার করে নেয়।
সৈয়দ সঈদউদ্দীন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জাহির উদ্দিন জানান, সরকারি বিধি অমান্য করে, মাধবপুর উপজেলা সদর ও পৌরসভার প্রাণকেন্দ্রে এবং ঢাকা সিলেট মহাসড়কের পাশে অবস্থিত সৈয়দ সঈদউদ্দীন ডিগ্রি কলেজকে” ষড়যন্ত্রমূলকভাবে জাতীয়করণের তালিকা থেকে বাদ দেয়া হয়। মানববন্ধনে বক্তারা সৈয়দ সঈদউদ্দীন ডিগ্রি কলেজকে জাতীয়করণের লক্ষ্যে পুনর্বিবেচনা করার দাবি জানান।
