৭০০ কর্মী ছাঁটাই করছে ফ্লিপকার্ট

আপডেট : ৩০ জুলাই ২০১৬, ১০:১৬
ব্যবসার এখন বেহাল দশা। তাই ব্যয় কমাতে কমপক্ষে ৭০০ কর্মী ছাঁটাই করছে ভারতের বৃহৎ ই-কমার্স মার্কেটপ্লেস ফ্লিপকার্ট।
 
জুন মাসে ফ্লিপকার্ট নতুন নিয়ম করে সেলারদের ওপর চাপিয়েছিল বাড়তি খরচের বোঝা। ওই নিয়মে একদিকে যেমন বৃদ্ধি করা হয় কমিশন, তেমনই রিটার্নের ডাক খরচ সেলারদেরই দিতে হবে জানিয়ে দেওয়া হয়। তার পরই ফ্লিপকার্টে বহু জিনিসের দাম বাড়িয়ে দেন সেলাররা। অনেকে ফ্লিপকার্টে ব্যবসা বন্ধ করে অন্য সাইটে চলে ‌যান।
 
ফ্লিপকার্ট সূত্রে জানা গেছে, তাদের ৩০ হাজার কর্মীর মধ্যে কমপক্ষে ৭০০ জনকে নন-পারফর্মিং বলে ছাঁটাই করা হচ্ছে। এই ঘটনা ফ্লিপকার্টে প্রথম নয় বলে জানিয়েছেন কর্মীরা।