হয়রানি বন্ধে নতুন সেবা আসছে ইনস্টাগ্রামে

আপডেট : ৩০ জুলাই ২০১৬, ১৩:৫১
বর্তমানে অনলাইনে হয়রানি এক মহা সমস্যা হয়ে দেখা দিয়েছে। পিউ রিসার্স সেন্টারের মতে, মোট ইন্টারনেট ব্যবহারকারীদের প্রায় ৪০ শতাংশ মানুষ কখনো না কখনো এই সমস্যার সম্মুখীন হয়েছেন। এই সমস্যা সমাধানে এবার উদ্যোগী হয়েছে জনপ্রিয় ছবি শেয়ারের সাইট ইনস্টাগ্রাম।
 
হয়রানি বন্ধ করতে 'হাই ভলিউম কনটেন্ট থ্রেডস' নামে একটি ফিল্টার বা টুলস আনতে যাচ্ছে ফেসবুক অধিকৃত অ্যাপটি। এই টুলসের মাধ্যমে একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী নিষিদ্ধ শব্দের তালিকা তৈরি করতে পারবেন, যা তাদের পোস্ট করা ছবির নিচে অপ্রত্যাশিত মন্তব্য বন্ধ করতে সাহায্য করবে।
 
শুধু তাই নয়; এই টুলসের মাধ্যমে অন্যের হয়রানিমূলক মন্তব্য মুছে ফেলতেও পারবেন ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা। এমনকি, চাইলে বিশেষ কারো মন্তব্য করার প্রক্রিয়াটাই চিরতরে বন্ধ করে দিতে পারবেন।
 
সম্প্রতি ইনস্টাগ্রামে হয়রানি বেড়েছে ব্যাপকভাবে। এর দ্বারা আক্রান্ত হচ্ছেন নামীদামী সেলিব্রেটিরাও। সেজন্য ফেসবুক, গুগল, টুইটারের মতো হয়রানি বন্ধে উদ্যোগ নিলো ইনস্টাগ্রামও। শিগগিরই অ্যাপটি নতুন এই সেবা ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা।