জঙ্গি ও সন্ত্রাস দমনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: ভূমিমন্ত্রী

আপডেট : ৩০ জুলাই ২০১৬, ১৫:০০
 
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস থেকে জাতিকে মুক্ত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
 
শনিবার সকালে পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ে তোলার সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 
 
শামসুর রহমান শরীফ বলেন, জঙ্গিদের যেখানেই পাওয়া যাবে সেখান থেকে টেনে বের করে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন। প্রতিটি পাড়া, মহল্লা ও ওয়ার্ডে জঙ্গি নির্মূল সামাজিক প্রতিরোধ কমিটি গড়ে তোলার আহ্বান জানান তিনি। 
 
তিনি বলেন, ধর্মের নামে যারা সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে, ‌‘আল্লাহু আকবর’ বলে মসজিদ, মন্দির, গীর্জা ও হোটেল রেস্তোরাঁয় হত্যাকাণ্ড চালাচ্ছে তাদের বিচার এই মাটিতেই হবে।
 
তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, তাদের সন্তানরা অনৈতিক, জঙ্গি ও সন্ত্রাসী কাজে যাতে জড়িত হতে যাতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে। 
 
এসময় আরো বক্তব্য রাখেন-পাবনা-৫ সদর এমপি  গোলাম ফারুক প্রিন্স, মকবুল হোসেন এমপি, আজিজুল হক আরজু এমপি, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল রহিম লাল প্রমুখ।