জঙ্গি সংগঠন আইএসের নামে চিঠি দিয়ে বগুড়া সদরের পীরগাছায় মন্দিরের পুরোহিতকে হত্যার হুমকি দেয়ার ঘটনায় আশরাফুল ইসলাম নামে এক কলেজছাত্রকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনগণ।
আশরাফুল গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের উজগ্রামের কাবেজ উদ্দিনের ছেলে। তিনি সরকারি আজিজুল হক কলেজের রাস্ট্রবিজ্ঞান অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়া সদর উপজেলার পীরগাছা কেন্দ্রীয় কালীমাতা ও শিব মন্দিরের পুরোহিত মৃণাল কান্তি ভাদুরীকে হত্যার হুমকি দিয়ে জঙ্গি সংগঠন আইএসের নামে গত বুধবার একটি চিঠি দেয়া হয়। এরপর সেখানে পুলিশ মোতায়েন করা হয়। শনিবার সকালে কে বা কারা একই ধরনের হুমকি দিয়ে আইএসের নামে আরেকটি চিঠি মন্দিরে রেখে আসে। এ সময় কলেজছাত্র আশরাফুল ইসলামকে মন্দিরের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় জনগণ তাকে আটক করে পুলিশে খবর দেয়।
এদিকে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুর বাসার জানান, ওই কলেজ ছাত্রকে জিঞ্জাসাবাদ করা হচ্ছে ।
