বাজারে স্যামসাং বা অ্যাপলের মতো কাটতি নেই লেনোভো স্মার্টফোনের। তবে যা আছে তাও মন্দ নয় বলা চলে। যার দরুণ চীনভিত্তিক প্রতিষ্ঠানটির আসন্ন ডিভাইস নিয়ে কম মাতামাতি হয় না প্রযুক্তি বিশ্বে। এবার যেমন হচ্ছে 'ভাইব পি২' নিয়ে। এখনো ভাইব সিরিজের এই ফোন নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি সংশ্লিষ্টরা।
তবে তথ্য ফাঁসকারীদের দাবি, ডিভাইসটি নিয়ে গোপনে কাজ করছে লেনোভো। জিএসএম এরেনার এক প্রতিবেদনে দাবি, চীনের এক ট্রেডশো'তে ভাইব পি২ প্রদর্শন করেছে কর্তৃপক্ষ।
সূত্রের প্রতিবেদন মতে, ভাইব পি২ স্মার্টফোনে ৫.৫ ইঞ্চির ২.৫ডি কার্ভড গ্লাসের ফুল এইচডি অ্যামোলিড ডিসপ্লে থাকবে। এতে পাঁচ হাজার এমএএইচের ব্যাটারি থাকবে, পাশাপাশি থাকতে পারে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
এতে আরও থাকতে পারে অ্যান্ড্রয়েড মার্শম্যালো, স্ন্যাপড্রাগন ৬২৫ এসওসি এবং ৪ জিবি র্যাম।
