জঙ্গিবাদের বিরুদ্ধে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সোমবার মানববন্ধন, শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করা হয়েছে। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাস বা পার্শ্ববর্তী স্থানে এ কর্মসূচি পালিত হবে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) আয়োজিত সংবাদ সম্মেলন এ তথ্য জানান ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। তিনি জানান, কর্মসূচিতে বিভিন্ন স্কুল-কলেজ ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো যোগ দিতে পারবে। সারাদেশের প্রায় ৪৫ লাখ মানুষ এসব কর্মসূচিতে অংশ নেবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
এদিন নির্ধারিত সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা উপাচার্যের নেতৃত্বে ঢাকার ৪টি কলেজ (ইডেন মহিলা কলেজ, সরকারি বদরুন্নেসা কলেজ, শেখ বোরহান উদ্দিন কলেজ ও তেজগাঁও কলেজ) সহ কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়ে যৌথভাবে মানববন্ধন কর্মসূচি পালন করবে। মানববন্ধনটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পলাশী মোড়, অপরদিকে দোয়েল চত্বর হয়ে হাইকোর্টের মোড় এবং একটি অংশ চারুকলা অনুষদ ভবনের সম্মুখ থেকে বাংলা একাডেমি হয়ে দোয়েল চত্বরে যুক্ত হবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এতে অংশ নেবেন।
