আফগানিস্তানের রাজধানী কাবুলে বিদেশি সামরিক সদস্যদের একটি আবাসস্থলে ট্রাকবোমা হামলা চালিয়েছে তালেবানরা। স্থানীয় সময় রবিবার মধ্যরাতের পর এ হামলা চালানো হয়। এএফপি জানিয়েছে এ ঘটনায় ২ জন নিহত হয়েছে।
বিবিসি তার প্রতিবেদনে জানায়, রাত ১টা ২৫ মিনিটে কাবুলে বিদেশি সেনা ও প্রতিষ্ঠানে কর্মরতদের আবাসিক এলাকা নর্থগেট হলে কাছে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা যায়। তালেবানরা সেখানে একটি ট্রাকবোমা হামলা চালায়। তালেবানরা দাবি করেছে, বোমা হামলার পর তাদের যোদ্ধারা ভেতরে লড়াই করছে।
এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, ভারী অস্ত্রে সজ্জিত চার হামলাকারী নর্থগেট হল এলাকায় লড়াই করছে। সংঘর্ষে এক পুলিশ ও এক হামলাকারী নিহত হয়েছে বলে তাৎক্ষণিকভাবে জানা গেছে। তবে তালেবানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলায় প্রায় অর্ধশত লোক নিহত ও আহত হয়েছে।
এদিকে হামলার পরপর কাবুলের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে। স্থানীয় বাসিন্দা ইনামুল্লাহ খান বলেন, 'বিস্ফোরণটি যখন ঘটে, ওই সময় আমি ঘুমাতে যাচ্ছিলাম। এরপরই বিদ্যুৎ চলে যায়।' বেশ ভীত ভাবেই তিনি বিবিসিকে জানান, এটা অনেক বড় ধরণের একটি বিস্ফোরণ ছিল।'
কাবুলে কিছুদিন আগে আইএসের করা বোমা হামলায় ৮০ জন মারা যায়। এ ঘটনায় আহত হয় আরো দুই'শ জনের বেশি মানুষ। ধারণা করা হচ্ছে আইএস ও আল কায়েদা নিজেদের অবস্থান কাবুলে নিশ্চিত করতে বারবার হামলা চালাচ্ছে। বিবিসি।
