কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ এবং কবি নজরুল হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও মার্কেটিং ৪র্থ বর্ষের ছাত্র খালেদ সাইফুল্লাহ নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয় ট্রেজারার প্রফেসর কুন্ডুগোপী দাসকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর দুইজন হলেন, সদস্য সচিব প্রক্টর আইনুল হক ও সদস্য ব্যবসা শিক্ষা অনুষদের ডিন ড. আহসান উল্লাহ।
এদিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে পুলিশ তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ দেশীয় বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করেছে। দুপুর একটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশের তল্লাশি অভিযান চলছিল। কুবি প্রশাসনের নির্দেশনা অনুযায়ী ছাত্র-ছাত্রীরা তাদের হল ছাড়তে শুরু করেছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুজিবুর রহমান জানান, দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহতের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে প্রশাসনিক কার্যক্রম চলবে। ছাত্রদের সোমবার ১১টা ও ছাত্রীদের দুইটার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, শোকের মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে রবিবার রাতে মোমবাতি প্রজ্বলনের পর রাত সাড়ে ১২টার দিকে এ সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে। প্রতিষ্ঠার পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এই প্রথম এ ধরনের হত্যাকাণ্ড ঘটলো।
