এরদোয়ানকে অপহরণ চেষ্টায় জড়িত ১১ সেনাসদস্য গ্রেফতার

আপডেট : ০১ আগস্ট ২০১৬, ২০:২৬
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানকে অপহরণের চেষ্টার অভিযোগে সেনাবাহিনীর আরও ১১ সদস্যকে আটক করেছে দেশটির বিশেষ বাহিনী। গত ১৫ জুলাইয়ের ব্যর্থ অভ্যুত্থানের সময় ওই ১১ সেনাসদস্য প্রেসিডেন্টকে অপহরণ করতে চেয়েছিল বলে তুর্কি কর্তৃপক্ষ দাবি করেছে। এর আগে একই অভিযোগে আরো ২৫ জনকে আটক করা হয়েছিল।
 
সোমবার তুরস্কের রাষ্ট্র-নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, তুর্কি বিশেষ বাহিনী রবিবার মুগলা প্রদেশের উলা জেলায় অভিযান চালিয়ে ১১ সেনাকে আটক করে। এই অভিযানে ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করা হয়। বিদ্রোহীরা সহজে ধরা দিতে চায়নি এবং তারা অভিযানে অংশগ্রহণকারী বিশেষ বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলিও চালিয়েছিলেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রাষ্ট্র-নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমটির দাবি, অভ্যুত্থান চেষ্টার সময় সেনাবাহিনীর ৩৭ জনের যে দলটি এরদোয়ানকে অপহরণ করতে চেয়েছিল, এই ১১ জন সেই দলেরই সদস্য। 
 
অভ্যুত্থান চেষ্টার সময় এরদোয়ান তুরস্কের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় মারমারিস অবকাশযাপন কেন্দ্রে ছিলেন। সেনা আগমনের খবর পেয়ে তিনি আগেই সেখান থেকে সরে পড়েন। ফলে বিদ্রোহীরা তাকে ধরতে পারেনি। এরদোয়ানকে আটক করতে না পারার কারণেই সেদিনের অভ্যুত্থানটি ব্যর্থ হয়েছিল বলে ধারণা করা হয়ে থাকে। সংবাদমাধ্যমটি জানায়, প্রেসিডেন্টকে অপহরণের চেষ্টা জড়িত ২৫ জনকে আগেই আটক করেছিল বিশেষ বাহিনী। এই ১১ জনকে আটক করার পর এখন বাকি রইলো আর মাত্র একজন। -আল জাজিরা ও বিবিসি