দুবাইগামী ফ্লাইটের টয়লেটে ৬ কেজি হেরোইন পাওয়ায় পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ)১২ কর্মীকে আটক করা হয়েছে। সোমবার দেশটির সরকারি বেসামরিক বিমান পরিবহন সংস্থার একজন মুখপাত্র জানিয়েছেন এই খবর।
শনিবার লাহোর থেকে দুবাইগামী একটি ফ্লাইটে এই হেরোইন উদ্ধার করে মাদকবিরোধী বাহিনী। পিআইএ-র মুখপাত্র দানিয়াল গিলানি বলেন, হেরোইন সংযোগের কারণে ১২ জনের মতো পিআইএ কর্মীকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদি তারা দোষী প্রমাণিত হয় তাহলে আইনি শাস্তির পাশাপাশি চাকরিক্ষেত্রেও শাস্তির মুখোমুখি হতে হবে।
গত জুনে পিআইএ-র ৫ জন কেবিন ক্রুকে বরখাস্ত করা হয়। তাদের ইংল্যান্ডে মোবাইল ও বিদেশি মুদ্রা চোরাচালানির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আটক করা হয়েছিল। এএফপি।
