কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের গোলাগুলিতে নিহত মার্কেটিং বিভাগের শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হয়েছে।
সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মো. সাদেক হোসেন মজুমদার কুমিল্লা সদর দক্ষিণ থানায় অজ্ঞাতনামা ১৫০ জনের বিরুদ্ধে মামলাটি করেন। সাইফুল মার্কেটিং বিভাগের সপ্তম ব্যাচের ছাত্র ও কাজী নজরুল ইসলাম হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি দাউদকান্দি উপজেলার তুজার ভাঙ্গা গ্রামের জয়নাল আবদিনের ছেলে।
উল্লেখ্য, শোকের মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে রবিবার রাতে মোমবাতি প্রজ্বলনের পর রাত সাড়ে ১২টার দিকে এ সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে। প্রতিষ্ঠার পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এই প্রথম এ ধরনের হত্যাকাণ্ড ঘটলো। ঘটনার পর সোমবার সকালে সিন্ডিকেটের জরুরি বৈঠকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
