আবারও বিস্ফোরিত আইফোন ৬!

আপডেট : ০২ আগস্ট ২০১৬, ১৫:২৬
এবার অস্ট্রেলিয়ার সিডনিতে আইফোন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ডিভাইসটির মালিক গ্যারেথ ক্লেয়ারের ডান উরু পুড়ে গেছে।
 
ডেইলি টেলিগ্রাফের প্রতিবেদন মতে, বাইকে করে কাজে যাওয়ার সময় ক্লেয়ারের পেছনের পকেটে থাকা আইফোনে ৬ -এ আগুন ধরে যায়। ক্লেয়ার প্রথমে ভেবেছিলেন, বাইক থেকে আগুন লেগেছে। সেকেন্ড কয়েক পরেই তিনি বুঝতে পারেন, আগুন লেগেছে মূলত তার আইফোন বিস্ফোরিত হয়ে।
 
ক্লেয়ার জানিয়েছেন, আইফোন বিস্ফোরিত হওয়ায় তার জাঙ্গিয়া পুড়ে ডান উরুর উপর দিকের চামড়ার দুই স্তর ঝলসে গেছে। ক্ষত এতোটাই মারাত্মক যে, তাকে স্কিন-গ্রাফটের মধ্য দিয়ে যেতে হয়েছে।
 
ক্লেয়ার আরও জানিয়েছেন, বিস্ফোরিত হওয়ায় তার পুরো আইফোনটাই নষ্ট হয়ে গেছে। এ ব্যাপারে অ্যাপল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা জানায়, এই ঘটনা তদন্ত করা হবে।
 
আইফোন বিস্ফোরিত হওয়ার ঘটনা এবারই প্রথম নয়। এর আগে যুক্তরাষ্ট্রের আইল্যান্ড ও ভারতের গুরগাওয়েও এমন ঘটনা ঘটে।