পাকিস্তানে বাংলাদেশের সন্ত্রাস হামলা নিয়ে জঙ্গিবাদ বিরোধী সভা

আপডেট : ০২ আগস্ট ২০১৬, ১৭:৪৪
গুলশানে সন্ত্রাসীর হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানে একটি জঙ্গিবাদ বিরোধী সেমিনার আয়োজন করেছে পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশন। সোমবার বাংলাদেশ হাইকমিশন, ইসলামাবাদ  চ্যান্সারি ভবনে ‘বাংলাদেশে সাম্প্রতিক হামলা : সরকারের  সন্ত্রাসীদের প্রতি কোন ছাড় নয় নীতি’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 
বাংলাদেশ হাইকমিশন আয়োজিত এ অনুষ্ঠানে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার  তারিক আহসান  সম্প্রতি বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানে একটি রেস্তোরায় এবং কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মযদান সংলগ্ন এলাকায় সন্ত্রাসী হামলা এবং এর ফলে বেশ কিছু জীবনহানী বিষয়ে তথ্য উপস্থাপন করেন।
 
তিনি এ ঘটনার পরিপ্রেক্ষিতে সন্ত্রাস ও জঙ্গিবাদের  বিরুদ্ধে সরকারের কোন ছাড় নয় নীতি এবং গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন। হাইকমিশনার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন যে, বাংলাদেশের জনগণ সমাজে স্মরণাতীতকাল থেকে বিরাজমান শান্তি ও সম্প্রীতি এবং সাম্প্রতিক বছরগুলোতে দেশে অর্জিত অগ্রগতি ও উন্নতি ষড়যন্ত্রকারীদের অশুভ তৎপরতায় বিনষ্ট হতে দেবেনা। 
 
এরপর আলোচ্য বিষয়ের উপর এক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচকরা দেশের ও আঞ্চলিক শান্তি বজায় রাখার বৃহত্তর স্বার্থে অনতিবিলম্বে সমাজ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ সমূলে উচ্ছেদের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন। তারা এ লক্ষ্য অর্জনে সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা ও ব্যাপক জনমত সৃষ্টির পাশাপাশি সকলকে নিজ নিজ অবস্থানে থেকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে বলে অভিমত প্রকাশ করেন।
 
অনুষ্ঠানে হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রবাসী বাংলাদেশি ও আমন্ত্রিত পাকিস্তানি নাগরিক উপস্থিত ছিলেন।