ব্যাচেলরদের জন্য সরকারি আবাসনের দাবি

আপডেট : ০২ আগস্ট ২০১৬, ১৭:৫২
 
সাম্প্রতিক জঙ্গি হামলার প্রেক্ষাপটে ‘ব্যাচেলর’ বা অবিবাহিতদের বাড়ি ভাড়া দিতে বাড়িওয়ালাদের অনীহার কারণে তাদের জন্য সরকারিভাবে আবাসনের ব্যবস্থা করার দাবি উঠেছে। মঙ্গলবার রাজধানীর তোপখানা সড়কে নির্মল সেন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায় ‘ভাড়াটিয়া পরিষদ’ নামে একটি সংগঠন।
 
সাম্প্রতিক জঙ্গি হামলায় ঘরছাড়া তরুণদের জড়িয়ে পড়ার তথ্য প্রকাশের পর রাজধানীর যে কয়েকটি বাড়িতে পুলিশ জঙ্গি আস্তানার সন্ধান পেয়েছে, সব কটিতেই ‘ব্যাচেলর’রা থাকতেন।
 
ওই সব বাড়ির মালিককেও পুলিশ গ্রেফতার করার পর এখন রাজধানীর বাড়িওয়ালারা অবিবাহিতদের বাড়ি ভাড়া দিতে নিরুত্সাহিত হচ্ছেন। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা। বিষয়টি তুলে ধরে সংবাদ সম্মেলনে ভাড়াটিয়া পরিষদের সভাপতি বাহারানে সুলতান বাহার বলেন, ‘পুলিশের তল্লাশি ও বাড়ির মালিকদের গ্রেফতারের পর ব্যাচেলরদের বাড়ি ছেড়ে দিতে বলা হচ্ছে, ব্যাচেলর ভাড়া দেয়া হবে না এমন নোটিসও টানিয়ে দেয়া হচ্ছে।’
 
গুটিকয়েক জঙ্গির কারণে অবিবাহিত কর্মজীবী এবং শিক্ষার্থীরা এক রকম নির্যাতনের শিকার হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
 
সংবাদ সম্মেলনে ছিলেন সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী, অনলাইন এক্টিভিষ্ট ফোরামের সভাপতি কবির চৌধুরী তন্ময়, সংগঠনের সাধারণ সম্পাদক জান্নাত ফাতেমা, শিক্ষক নেতা সামসুল আলম, ভাড়াটিয়া পরিষদের নেতা মো, মোস্তফা, জামাল শিকদার, মো. আল-আমিন।

খবর বিডিনিউজের।