ভারতে খাদ্যে বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যু

আপডেট : ০২ আগস্ট ২০১৬, ১৮:১১
ভারতে খাদ্যে বিষক্রিয়ার কারণে পাঞ্জাবের একটি আশ্রমের দুই শিশু মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ত্রিশের বেশি শিশুকে হাসপাতালে নেওয়া হয়েছে। এনডিটিভি’র।
 
মৃত শিশুদের বয়স ১০ থেকে ১২ বছর। উপ কমিশনার জসকিরণ সিং বলেছেন, সুখজিৎ আশ্রমে ৩৩ জন শিশু বসবাস করে। গত রাতে দুইজন শিশু অসুস্থ হয়ে পড়ে এবং বমি করে। খাদ্যে বিষক্রিয়ায় যেমন হয়ে থাকে, তাদের মধ্যে সে ধরনের লক্ষণ দেখা দেয়। এক ঘণ্টার মধ্যে আশ্রমেই একজনের মৃত্যু হয়। অন্যজন সকালের দিকে হাসপাতালে মারা যায়।
 
আরো ৭ জনের মধ্যে একই লক্ষণ দেখা দিলে পূর্ব সতর্কতা হিসেবে আশ্রমের ৩১ জন অর্থাৎ সব শিশুকেই বেসামরিক একটি হাসপাতালে ভর্তি করা হয়। তবে আসলে কী কারণে এমনটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ লক্ষ্যে ইতোমধ্যেই একটি হেলথ টিম খাবারের নমুনা নিয়ে গেছে বলে জানা যায়। -এনডিটিভি