গত ১০ দিনে লিবিয়ার উপকূলে ১২০ জন শরণার্থীর লাশ ভেসে এসেছে। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার সময় নৌকাডুবিতে এই শরণার্থীরা নিহত হয়। মঙ্গলবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা লাশ ভেসে আসার খবরটি জানায়।
চলতি বছর বিশ্বব্যাপী চার হাজার ২৭ জন শরণার্থী নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে তিন চতুর্থাংশই ভূমধ্যসাগরে ডুবে মারা যায়। অভিবাসন সংস্থার জোয়েল মিলম্যান এক ব্রিফিংয়ে এই তথ্য জানান।
বিশ্বব্যাপী ২০১৫ সালের প্রথম সাত মাসের সঙ্গে তুলনায় এ বছরের একই সময়ে শরণার্থী মারা যাওয়ার সংখ্যা ৩৫ শতাংশ বেড়েছে। চলতি বছরের শুরু থেকে জুলাই মাসের শেষ পর্যন্ত তিন হাজার ১২০ জন শরণার্থী ভূমধ্যসাগরে নৌকাডুবে মারা গেছেন যা গত বছরের তুলনায় ৫৮ শতাংশ বেশি।
