অবশেষে গ্যালাক্সি নোট ৭ উন্মোচন স্যামসাংয়ের

আপডেট : ০৩ আগস্ট ২০১৬, ১১:১৩
বেশ কয়েক মাস ধরে প্রযুক্তি বিশ্বে নানা গুঞ্জন ও দফায় দফায় তথ্য ফাঁসের পর অবশেষে প্রকাশ্যে আসল গ্যালাক্সি নোট ৭। ফ্ল্যাগশিপ স্মার্টফোনটিতে অত্যাধুনিক সব ফিচার থাকার দরুন একে 'বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান স্মার্টফোন’ বলে দাবি করছে স্যামসাং কর্তৃপক্ষ।
 
পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে এক মেগা-ইভেন্টে নীল, সোনালি, ধূসর ও কালো রঙের গ্যালাক্সি নোট ৭ উন্মোচন করে স্যামসাং। প্রকাশ্যে আনা হলেও এখনই বাজারে পাওয়া যাবে না এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি। এর জন্য অপেক্ষা করতে হবে ১৯ আগস্ট পর্যন্ত।
 
বহুল আলোচিত এই ফ্ল্যাগশিপে রয়েছে ৫ দশমিক ৭ ইঞ্চি আকারের কোয়াড এইচডি ডুয়াল এজ সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার রেজ্যুলেশন ১৪৪০*২৫৬০ পিক্সেল। এতে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ৬.০.১ মার্শম্যালো ও প্রসেসর হিসেবে অক্টা কোর থাকছে।
 
চার জিবি র‍্যামের ফোনটিতে ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকছে, যা মাইক্রো এসডি কার্ড দিয়ে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
 
ফোনটিতে ভিডিও করা ও ছবি তোলার জন্য অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সুবিধার ১২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ভিডিও চ্যাট ও সেলফি তোলার জন্য ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা থাকছে।
 
IMG0
 
ডিভাইসটির ডিসপ্লে সুরক্ষায় থাকছে কর্নিংয়ের গরিলা গ্লাস ৫। এছাড়াও এর নিরাপত্তায় থাকছে আইরিশ স্ক্যানার ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আইরিশ স্ক্যানারের সাহায্য নিয়ে ফোনটি চোখের ইশারায় লক ও আনলক করা যাবে।
 
পূর্বের বদনাম ঘুচাতে গ্যালাক্সি নোট ৭ ফ্ল্যাগশিপে দ্রুত চার্জিং সুবিধার ৩৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি জুড়ে দিয়েছে স্যামসাং। কানেক্টিভিটির দিক থেকে ফোনটি ফোরজি, এনএফসি, ওয়াই-ফাই, ব্লটুথ, জিপিএস, ইউএসবি টাইপ-সি পোর্ট সমর্থন করবে। আর পূর্ববর্তী গ্যালাক্সি নোট এর মতো এতেও যথারীতি ব্যবহার করা যাবে এস পেন।
 
ফোনটির দামের কোনো তথ্য এখনো প্রকাশ করেনি স্যামসাং।