কুমিল্লা শহরের আড়াউওড়ায় বিদ্যুৎ সরবরাহের প্রধান সঞ্চালন লাইনের তার জোড়া দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বিদ্যুৎশ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত. জামাল হোসেন (৪৫) চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বারইয়ারা গ্রামের আবদুল জলিলের ছেলে। এ ঘটনায় আহত পাঁচ শ্রমিকের মধ্যে তিনজন ঢাকায় ও দুইজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় আড়াউওড়ার আবুল মেম্বারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
বিদ্যুৎ ঠিকাদার মজুমদার কনস্ট্রাকশনের মালিক মো. মোর্শেদ জানান, কুমিল্লা শহরের বিভিন্ন স্থানে কালিয়াজুড়ি সাবস্টেশনের আওতায় বিদ্যুৎ সংযোগ দেয়া হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় এলাকার ৩৩ কেভি লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে তার সংযুক্ত করছিলেন শ্রমিকরা। এ সময় বিদ্যুৎ বিতরণ বিভাগ যোগাযোগ না করে হঠাৎ লাইন চালু করায় ছয় শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন। এদের মধ্যে একজন ঢাকা নেয়ার পথে মারা যান। বাকিদের ঢাকায় ও জেলা মেডিকেল কলেজ হাসপাতারে ভর্তি করানো হয়।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সামসুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
