অভ্যুত্থান চেষ্টায় ‘সমর্থনের’ জন্য পশ্চিমা দেশগুলোর সমালোচনা এরদোয়ানোর

আপডেট : ০৩ আগস্ট ২০১৬, ১৯:৪৮
তুরস্কের অভ্যুত্থান চেষ্টাকারীদের সমর্থন দেয়ার অভিযোগে পশ্চিমা দেশগুলোর সমালোচনা করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। এর পাশাপাশি তিনি স্বেচ্ছানির্বাসনে থাকা তুর্কি ধর্মীয় নেতা ফেতুল্লা গুলেনকে ফিরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহবান জানিয়েছেন।
 
১৫ জুলাইয়ের অভ্যুত্থান চেষ্টায় সমর্থন দেয়ার অভিযোগে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান নাম উল্লেখ না করে পশ্চিমা দেশগুলোর সমালোচনা করেছেন। রাজধানী আঙ্কারায় বিদেশি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে দেয়া এক বক্তৃতায় তিনি বলেন, ‘পশ্চিম সন্ত্রাসবাদকে সমর্থন করছে এবং  ক্যু’র পক্ষ নিচ্ছে।’ এরদোয়ান আরো অভিযোগ করেন, ব্যর্থ অভ্যুত্থানের পর কোনো বিদেশি নেতা তুরস্ক সফর করেননি, যদিও ফ্রান্স ও বেলজিয়ামে সন্ত্রাসী হামলার পর সংহতি জানাতে নেতারা  দেশ দুটি সফরে গিয়েছিলেন। প্রেসিডেন্ট মন্তব্য করেন, ‘বন্ধু দেশগুলো’ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে চেয়েছিল এই অভ্যুত্থান সফল হোক। কিন্তু জনসাধারণ এটি হতে দেয়নি।
 
তুরস্কে ১৫ জুলাইয়ের ওই অভ্যুত্থান চেষ্টায় কমপক্ষে ২৭০ জন নিহত হন, যাদের বেশিরভাগই ছিল বেসামরিক জনগণ। ব্যর্থ অভ্যুত্থানের  পর এরদোয়ান সামরিক কর্মকর্তা, বিচারক, শিক্ষকসহ প্রায় ৭০ হাজার সরকারি কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করেন। এছাড়া গ্রেফতার করা হয় আরো কয়েক হাজার মানুষকে। -আল জাজিরা ও রয়টার্স