শরণার্থীদের ওপর অমানবিক নির্যাতন করে অস্ট্রেলিয়া। এছাড়াও ভয়ভীতি দেখিয়ে তারা দেশে প্রবেশ নিবৃত্ত করে থাকে। নেতৃস্থানীয় দুইটি মানবাধিকার সংস্থা তাদের বিরুদ্ধে এমন অভিযোগ এনেছে। কিন্তু সে অভিযোগ দেশটি ইচ্ছাকৃতভাবেই এড়িয়ে যাচ্ছে বলে জানিয়েছে সংস্থাগুলো।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ নাউরুতে আটক শরণার্থীদের ওপর অস্ট্রেলিয়া সরকার অমানুষিক নিপীড়ন চালায়। ২০১২ সালের ক্যানবেরার অভিবাসন নীতি অনুযায়ী, যারা দেশটিতে নৌকাযোগে প্রবেশের চেষ্টা করে তাদেরকে পথিমধ্যে আটক করে মানাস দ্বীপ, পাপুয়া নিউগিনি অথবা নাউরুতে প্রেরণ করা হয়। সেখানে আটককৃত লোকজন অমানুষিক ও কঠিন পরিস্থিতির ভেতর বসবাস করে বলে প্রতিবেদনে প্রকাশ করা হয়। এসব দ্বীপে ১২শ নারী, পুরুষ ও শিশু অবস্থান করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
গত জুলাইয়ে নাউরুর জেলগুলো পরিদর্শনে যাওয়ার সুযোগ হয় ঐ দুইটি মানবাধিকার সংস্থার। সংস্থা দুটি সেখানকার ৮৪ জন শরণার্থী ও রাজনৈতিক আশ্রয়প্রার্থীর সাক্ষাতকার গ্রহণ করে। এদের বেশিরভাগই আশ্রয়ের খোঁজে ইরাক, ইরান, পাকিস্তান ও আফগানিস্তান থেকে অস্ট্রেলিয়ার দিকে পাড়ি জমিয়েছিল। এরপর যৌথ উদ্যোগে তারা একটি প্রতিবেদন পেশ করে। তারা অভিযোগ আনে, দেশটির সরকার এসব কেন্দ্রের পরিস্থিতি সম্পর্কে কখনোই অজ্ঞাত থাকতে পারে না। -আল জাজিরা
