‘এবার হজে কোনো ফ্লাইট বিপর্যয় হবে না’

আপডেট : ০৪ আগস্ট ২০১৬, ১২:৫১
চলতি বছর হজ ফ্লাইটে শিডিউল বিপর্যয় ঘটবে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। একই সঙ্গে হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবেই সম্পন্ন হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।
 
বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজের প্রথম ফ্লাইট উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান  দুই মন্ত্রী। আজ সকাল ৮টা ৭ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১০১১ ফ্লাইট ৪০১ জন যাত্রী নিয়ে ছেড়ে যায়। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন ও ধর্ম মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান হজ যাত্রীদের বিদায় জানান।
 
অনুষ্ঠানে রাশেদ খান মেনন বলেন, হজযাত্রা নিরাপদ করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। বিমান কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং বিমানের এমডি দায়িত্ব নিয়ে বলেছেন- এবার হজে কোনো ফ্লাইট বিপর্যয় হবে না।
 
মন্ত্রী বলেন, হজযাত্রীরা স্বাচ্ছন্দ্যেই হজ করতে পারবেন। আমাদের পক্ষ থেকে এবং সৌদি কর্তৃপক্ষ থেকে নিরাপদ ব্যবস্থা নেয়া হয়েছে।